রাজধানীর পাইকারি বাজার ঘুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দায়ী করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তার অভিযোগ, অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে।
মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমিরের দাবি, বাজার ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের প্রভাব বেড়ে যাওয়ায় স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এতে করে পণ্যের প্রকৃত দামের সঙ্গে বাজারদরের বড় ধরনের ব্যবধান তৈরি হচ্ছে এবং শেষ পর্যন্ত এর চাপ বহন করতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।
ডা. শফিকুর রহমান বলেন, বাজারে স্থিতিশীলতা ফেরাতে সরকারের আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন। মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখাকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের স্বার্থে দ্রব্যমূল্যের বিষয়টি নিয়ে বিরোধী দল সংসদের ভেতরে ও বাইরেও ভূমিকা রাখবে।
বাজার পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য করুন