শুক্রবার (৮ মে) রাজধানীর মতিঝিল-শাহজাহানপুর জোনের এক শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে বুলবুল সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, সরকার যদি জুলাই সনদ পালন করতেই চায়, তবে তাদের সংসদ সদস্যরা কেন গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি? তার মতে, সরকার জনমতের তোয়াক্কা না করে পুরোনো ফ্যাসিবাদের পথেই হাঁটছে।
সাবেক এই ছাত্রনেতা বলেন, যাদের নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত এবং কথা ও কাজে মিল নেই, তারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে না। তিনি আরও অভিযোগ করেন ক্ষমতায় বসেই সরকার সর্বস্তরে দলীয়করণ শুরু করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং ব্যাংক-বীমাসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখলের প্রক্রিয়া চলছে। শহীদদের রক্তের সাথে বেইমানি করে নব্য ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করা হচ্ছে।
নূরুল ইসলাম বুলবুল হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে, যা কারো জন্যই মঙ্গলজনক হবে না। তিনি পরিস্থিতি যাই হোক না কেন, নেতা-কর্মীদের ময়দান ত্যাগ না করে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান। তবে সংঘাত এড়িয়ে সরকার যদি গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করে, তবে জামায়াতে ইসলামী সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।
মন্তব্য করুন