ভিন্ন ঘরানার গল্প নিয়ে নির্মিত ও মোশাররফ করিম এবং
নীলাঞ্জনা নীলা অভিনীত নাটক ‘বইপোকা’ দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। আল আমিন
স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাজ্জাক রাজ। নাটকে হাসান জহির
চরিত্রে মোশাররফ করিম ও তার স্ত্রী মনীষার ভূমিকায় অভিনয় করেছেন নীলাঞ্জনা
নীলা। সম্প্রতি একটি টিভি চ্যানেলে প্রচারের পর বিন্দু ভিশন ইউটিউব চ্যানেল
অবমুক্ত হয়েছে নাটকটি।
নাটকটির
গল্প আবর্তিত হয়েছে হাসান জহির চরিত্রটিকে কেন্দ্র করে, যিনি শহরের
বিলাসবহুল জীবন ও বড় অঙ্কের বেতনের চাকরি ছেড়ে দিয়ে স্ত্রী মনীষাকে নিয়ে
গ্রামে চলে আসেন। গ্রামে এসে তিনি কৃষিকাজের পাশাপাশি মানুষকে বই পড়াতে
উদ্বুদ্ধ করেন। যৌতুকলোভী, দুর্নীতিবাজ মেম্বার, এমনকি নেশাগ্রস্ত তরুণদেরও
তিনি জ্ঞানের আলোয় ফেরাতে চান। নিজের জমি বিক্রি করে গ্রামে লাইব্রেরি
স্থাপনের স্বপ্ন দেখেন হাসান। হাসানের এই সংগ্রামের পরিণতি নিয়েই এগিয়েছে
নাটকের কাহিনি।
মোশাররফ
করিমের ভাষ্যমতে, পুরোপুরি বার্তাপ্রধান গল্পের নাটক ‘বইপোকা’। এ রকম
গল্পের নাটক এখন খুঁজে পাওয়া কঠিন। দর্শকদের ভালোলাগার মতো নাটক এটি।
নাটকটি প্রসঙ্গে পরিচালক রাজ বলেন, গ্রামে লাইব্রেরি স্থাপন এবং মানুষকে বই
পড়ার মাধ্যমে সচেতন করা হয়েছে।
এই
নাটকটি নিয়ে নীলা বলেন, মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। তবে
এই নাটকটি আমার কাছে একটু অন্যরকম লেগেছে। গতানুগতিক গল্পের বাইরে চমৎকার
একটি প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ‘বইপোকা’। কাজটি প্রচারে আসার পর
নাটকটি নিয়ে বেশ সাড়া পাচ্ছি। নাটকটিতে আরও অভিনয় করেছেন শেখ মাহবুবুর
রহমান, মুকুল সিরাজ, সাবিনা রনিসহ আরও অনেকে।