আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দক্ষিণ
কোরিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অবস্থিত ‘গুয়াংজু
ইন্টারন্যাশনাল সেন্টার’-এর বিশেষ আমন্ত্রণে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস
সিটিস ফোরাম ২০২৬’-এ অংশগ্রহণ করবেন তিনি। রোববার (১০ মে) রাতে তার কোরিয়ার
উদ্দেশ্যে ঢাকা ত্যাগের কথা রয়েছে।
এনসিপি
সূত্রে জানা গেছে, সফরকালে আসিফ মাহমুদ আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক
অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে অংশ
নেবেন। বিশ্বমঞ্চে বর্তমান সময়ের মানবাধিকার পরিস্থিতি ও গণতান্ত্রিক
চর্চায় নাগরিকদের ভূমিকা নিয়ে তিনি দলের ও দেশের প্রতিনিধিত্ব করবেন।
মানবাধিকার
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আসিফ মাহমুদ দক্ষিণ কোরিয়ায় বসবাসরত
বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। সেখানে তিনি
প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং দেশের অর্থনীতি ও সমাজে প্রবাসী
কমিউনিটির ভূমিকা নিয়ে আলোচনা করবেন।
এছাড়া,
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে
আয়োজিত একাধিক সাংগঠনিক সভা ও প্রতিনিধি বৈঠকেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।
এই সফরের মাধ্যমে কোরিয়ায় এনসিপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি
প্রবাসীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সফল
সফর শেষে আগামী ১৯ মে, ২০২৬ তারিখ রাতে আসিফ মাহমুদের দেশে ফেরার কথা
রয়েছে।